সিলেট বার্তা, ২০২২-০২-২৭ ২০:১৯:৫৯
মানসম্মত পাটবীজ উৎপাদনে ভারত থেকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাটবীজ উৎপাদনে স্বনির্ভর হবে। প্রয়োজনীয় পাটবীজ সংগ্রহে আমদানি নির্ভরতা আর থাকবে না। আগামী পাঁচবছরে শতভাগ বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যেই কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত করেছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষিমন্ত্রণালয়ের বীজ উইংয়ের এক কর্মকর্তা বার্তা২৪.কমকে জানান, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের তিনটি দফতর (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর)। এখানে লিড এজেন্সি হিসেবে কাজ করবে বিএডিসি।
তিনি আরো বলেন, এটি একটি বিশাল কাজ । এখন ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রনয়ণ করার কাজ চলছে। যা মন্ত্রণালয়ে এলে তা যাচাই বাছাই পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন শেষে বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ৬ থেকে ৭ লাখ হেক্টর জমিতে দেশি, ও তোষা এই দুই জাতের পাট চাষ করা হয়। তবে কেনাফ ও মেসতা জাতের পাটও বাংলাদেশে চাষ করা হয়, যার মান ততটা উন্নত নয়। বাংলাদেশে সব মিলিয়ে প্রতিবছর ৭০ থেকে ৭৫ লাখ বেল পাট উৎপাদন হয়। বাংলাদেশে এই পরিমাণ পাট উৎপাদনে পাটবীজের প্রয়োজন ৬ থেকে ৭ হাজার মেট্রিক টন। চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ পাটবীজ আমদানি করা হয় ভারত থেকে।
সূত্র আরও জানায়, ভারত থেকে যে পাটবীজ আমদানি করা হয় সেটি জেআরও-৫২৪ জাতের। এটিই তোষাপাট নামে পরিচিত। এর বিকল্প হিসেবে গত ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) তোষা -৮ (রবি-১) নামে পাটের একটি নতুন জাত অবমুক্ত করেছে। এটি ভারতীয় তোষা জাতের পাটের চেয়েও উন্নত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমদানি নির্ভরতা কমাতে ভারতীয় জেআর-৫২৪ জাতের পাটের তুলনায় দেশে উদ্ভাবিত তোষা-৮ বা রবি-১ নামের পাটচাষে কৃষকদের লাভবান করতেই মূলত ৫ বছরের জন্য পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়।
জানা যায়, বাংলাদেশে প্রায় পাঁচ হাজার ২০০ মেট্রিক টনের মতো পাটবীজের প্রয়োজন হয়। তার মধ্যে বিএডিসি প্রায় ৭০০ টন বীজ সরবরাহ করছে। বাকি প্রায় চার হাজার ৫০০ টন বীজই ভারত থেকে আমদানি করতে হয়। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, দেশে বর্তমানে প্রায় ৬-৭ লাখ হেক্টর জমিতে ৭০-৭৫ লাখ বেল (১ বেল সমান ০.২২ মে. টন) পাট উৎপাদন হয়। এর মধ্যে বেশির ভাগই তোষা জাতের পাট। এই জাতের পাট আবাদের ৮৫-৯০ ভাগ বীজই (জেআরও-৫২৪) ভারত থেকে আমদানি করতে হয়।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ বার্তা২৪.কমকে জানান, কৃষি ক্ষেত্রে আমাদের নানা অর্জনের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সঠিক সময়ে বীজের যোগান দেয়া। কিন্তু সরকার পাট উৎপাদনে নজর দিলেও পাটের বীজের যোগান মূলত আমদাানি নির্ভর। এ নির্ভরতা কমানের জন্য পঞ্চ বার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। এ টি বাস্তবায়ন করা সম্ভব হলে আগামী ৫ বছ পর আর পাটবীজ আমদানি করতে হবে না। পাশাপাশি পাটের সোনালী অতীত ফিরিয়ে আনা সম্ভব হবে।
সূত্র জানায়, পাটবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ৬৭৬ কোটি টাকার প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি । চলতি বছর এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ৫ বছর সময় লাগবে। ৫ বছর মেয়াদি ওই প্রকল্প থেকে প্রথম বছরে ৩০০ কেজি, দ্বিতীয় বছরে ৬০০ কেজি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বছরে ৯০০ কেজি করে প্রজনন মানের বীজ বিএডিসিকে সরবরাহ করা হবে। প্রজনন মানের বীজ থেকে বিএডিসি প্রথম বছরে ২০ মেট্রিক টন ভিত্তিমানের বীজ, দ্বিতীয় বছর ৪০ মেট্রিক টন ভিত্তিমানের বীজ ও ১ হাজার ৫০০ মেট্রিক টন প্রত্যায়িত মানের বীজ, তৃতীয় বছর ৬০ মেট্রিক টন ভিত্তিমানের বীজ ও ৩ হাজার মেট্রিক টন প্রত্যায়িত মানের বীজ, চতুর্থ বছর ৬০ মেট্রিক টন ভিত্তি মানের বীজ ও ৪ হাজার ৫০০ মেট্রিক টন প্রত্যায়িত মানের বীজ এবং পঞ্চম বছরে চতুর্থ বছরের সমপরিমাণ বীজ উৎপাদন করবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রথম বছরে বিনামূল্যে বীজ বিতরণের লক্ষ্যে ৩ হাজারটি, দ্বিতীয় বছরে বীনামূল্যে ৫ হাজারটি, তৃতীয় বছরে বীনামূল্যে ৬ হাজারটি এবং চতুর্থ বছর ভর্তুকি মূল্যে ৬ হাজার ৫০০টি ও পঞ্চম বছরে ভর্তুকি মূল্যে সমপরিমাণ প্রদর্শনী প্লট করবে। ভর্তুকি মূল্যে প্রতি কেজি বীজের দাম প্রস্তাব করা হয়েছে ১০০ টাকা। বিএডিসি চারটি বিভাগের ১৩টি জেলার ৫৯টি উপজেলায়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ৬টি বিভাগের ২০টি জেলার ৫০টি উপজেলায় এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের ৬টি বিভাগের ৪৩টি জেলার ১৯৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।