সিলেট বার্তা, ২০২৫-০৭-০৭ ২০:০৫:০৮
ব্যক্তিগত জীবনে বহুবছর ধরেই সিঙ্গেল অভিনেত্রী জয়া আহসান। ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ফয়সাল আহসানকে। তবে ২০১১ সালে বিচ্ছেদের পথ বেছে নেয় এই জুটি। সেই থেকে আর নতুন কোন সম্পর্কে জড়াননি জয়া আহসান। বিচ্ছেদের দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংসারমুখী হতে পারেননি জয়া। তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছাই প্রকাশ করেন তিনি।
সন্তান গর্ভের না হলে কি মা হয়ে ওঠা যায়! এ নিয়ে অহরহ আলোচনা দেখা যায় আমাদের সমাজে। বর্তমানে ওপার বাংলার ‘ডিয়ার মা’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া। এই ছবিতেও উঠে এসেছে দত্তক নেওয়া সন্তান নিয়ে একই প্রশ্ন। যেই প্রশ্নের জবাবেই অভিনেত্রী জানালেন, বাস্তবে মা হতে চান তিনি। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে।
জয়া জানান, ‘আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।’
জয়া ও তার বোন (অভিনেত্রী কানা মাসউদ) মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
তার ভাষ্যে, ‘আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।’
দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া। তিনি বলেন, ‘যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে।’
প্রসঙ্গত, ‘ডিয়ার মা’ ছবির ট্রেলারে জয়ার সঙ্গে তার দত্তক সন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে। এ বিষয়ে অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।